নির্বাচনের বর্ষপূর্তিতে ঐক্যের আহ্বান চট্টগ্রাম আ. লীগের
দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তিতে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এসেছে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তারা এ আহ্বান জানান।
বিএনপির বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্ব নেয় আওয়ামী লীগ।
এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস’ হিসেবে পালন করে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি ৫ জানুয়ারিকে পালন করে ‘গণতন্ত্র হত্যার কালো দিবস’ হিসেবে।
চট্টগ্রামের সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “একটি রাজনৈতিক অপশক্তি দেশের গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করার অপচেষ্টায় লিপ্ত। এই রাজনৈতিক অপশক্তিকে প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, “আগামী নির্বাচনে এ অপশক্তিকে আমরা শুধু নির্বাচনে মোকাবেলা করব না, আমরা তাদের প্রতিহত করব, যাতে তারা বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নিতে পারে।”
তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির যাতে নির্বাচন হতে না পারে, সেজন্য একটি রাজনৈতিক দল ‘গভীর ষড়যন্ত্র’ করেছিল।
“তারা বন্দুকের নলের মাধ্যমে রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে গণতন্ত্রের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিল। বিএনপি এবং এ দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেননি। তারা জঙ্গিবাদের বীজ রোপণ করেছিলেন।”
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে। নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ থেকে আমাদের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।”
অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, নঈমুদ্দিন চৌধুরী, আ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল সমাবেশে বক্তব্য দেন।
