মহিউদ্দিন স্মরণে শোকসভার পর ছাত্রলীগের মারামারি
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার এলাকায় এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে শোকসভার পর স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রুবেল (২৬), আলমগীর (২২), নাজিম সানি (২৫), আরিফ (২২) ও সকাল (২৩)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, আহতরা ক্যাজুয়ালটিতে ভর্তি আছেন। তাদের আঘাত গুরুতর নয়।
ঘটনার বিষয়ে পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বিকালে স্থানীয় রহমানিয়া স্কুলে প্রয়াত নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শোকসভা ছিল।
“সেখানে তার ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। সভা শান্তিপূর্ণভাবে শেষ করে আমরা সভাস্থল ছেড়ে যাই। পরে খবর পাই সভা থেকে ফেরার পথে বিবিরহাট কাঁচাবাজার এলাকায় ছাত্রলীগের মিন্টু কুমার দের অনুসারীদের ওপর খোরশেদের অনুসারীরা হামলা করেছে।”
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, “আমাদের কাছে মারামারির কোনো তথ্য নেই। তবে শোকসভার কথা আমরা জানি। সেটা ভালোভাবে হয়েছে।”
