২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোবার ঘরে অগ্নিদগ্ধ মা ও দুই শিশু

চট্টগ্রাম নগরীতে একটি ফ্ল্যাটবাড়িতে শোবার ঘরে অগ্নিদগ্ধ হয়েছেন এক নারী ও তার দুই সন্তান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 02:21 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে খুলশী থানার কুসুমবাগ গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটির তিন নম্বর সড়কের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ড ঘটেছিল বলে প্রথমে ধারণা করা হলেও পরিদর্শনের পর পুলিশ বলেছে, গ্যাস সিলন্ডার বিস্ফোরণ ঘটেনি।

তাহলে কী কারণে আগুন লেগেছে, সেই প্রশ্নের উত্তর এথনও নেই পুলিশ কর্মকর্তাদের কাছে।

অগ্নিদগ্ধ তানভীরা আক্তার রিয়া (৩৫), তার মেয়ে তানজিনা (১৩) ও ছেলে তানজীব হাসানকে (৮) প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Image
হাসপাতালে অগ্নিদগ্ধরা

হাসপাতালে অগ্নিদগ্ধরা

হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ সাংবাদিকদের জানান, আগুনে তানভীরা আক্তারের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তানজিনার শরীরের ১৫ শতাংশ এবং তানজীবের শরীরের ৩৫ শতাংশ পুড়েছে।

দুপরের পর তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা জানান তানভীরার ভাই হুমায়ন কবির মানিক।

অগ্নিকাণ্ডের সময় গৃহকর্তা কামরুল হাসান মেহেদীর বৃদ্ধা মাও ছিলেন ওই বাড়িতে; তবে তিনি অন্য কক্ষে ছিলেন।

কামরুল রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের হালিশহর শাখার ব্যবস্থাপন। তানজিনা ষষ্ঠ শ্রেণির এবং তানজীব তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

গোলাম মহিউদ্দিন বাবুল নামের এক ব্যক্তির মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার ওই বাসায় স্ত্রী, দুই সন্তান ও মাকে নিয়ে থাকতেন মেহেদী।

ওই ভবনের তত্ত্বাবধায়ক আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে হঠাৎ করে জানালা দিয়ে আগুনের গোলা বের হতে দেখে আমরা ছুটে যাই।

“ওই কক্ষের সাথে লাগোয়া বারান্দায় শুকাতে দেওয়া কাপড়ে ও বিছানায় আগুন জ্বলতে দেখি। এসময় বাচ্চা দুটি বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করছিল।”

রউফ বলেন, ওই বাসায় যাওয়ার পর কক্ষটি ভেতর থেকে আটকানো দেখে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে পানি ছিটিয়ে আগুন নেভান তারা।

বিকেলে ওই বাসায় গেলে বেডরুমটিতে থাকা খাটের একাংশে আগুনে পোড়া দাগ দেখা গেছে। বিছানায় থাকা তোষকটিও আংশিক দাগ। জানালার পর্দাও পুড়ে গেছে।

তানভীরার ভাই মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বেডরুমের পাশের বারান্দায় একটি গ্যাস সিলিন্ডার ছিল। সেটি বিস্ফোরিত হয়েছে।”

Image
তদন্তের জন্য আলামত হিসেবে গ্যাস সিলিন্ডারটি নিয়েছে পুলিশ

তদন্তের জন্য আলামত হিসেবে গ্যাস সিলিন্ডারটি নিয়েছে পুলিশ

পাইপলাইনের গ্যাস থাকার পরও সিলিন্ডার রাখার ব্যাখ্যায় গৃহকর্তা মেহেদী সাংবাদিকদের বলেন, “মাঝে মাঝে লাইনের গ্যাসে সমস্যা হয়। তাই সিলিন্ডারটি এনে রাখা হয়েছিল। সকালে আমি অফিসে যাওয়ার জন্য বের হই। তখন সবই ঠিক ছিল।”

তবে গ্যাস সিলিন্ডার কীভাবে শোবার ঘরে গেল, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি মেহেদী।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবদুর ওয়ারিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়নি। তবে ওই কক্ষে গ্যাস জমে ছিল। কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখতে হবে।”

গ্যাস সিলিন্ডারটি শয়নকক্ষে পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “এটির লক খোলা ছিল। কিন্তু কোনো দেয়াশলাইয়ের কাঠি বা লাইটার কক্ষে পাওয়া যায়নি।”

“সিলিন্ডারটি বেডরুমে কেন রাখা ছিল, তা তদন্ত করা হবে,” বলেন পুলিশ কর্মকর্তা।