২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় মহিউদ্দিনের নামে করার দাবি

প্রস্তাবিত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 07:59 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত শোকসভায় এই দাবি তোলা হয়।  

নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য। প্রথম মেয়াদে মেয়র থাকাকালে প্রেস ক্লাব ভবন নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

সোমবারের শোকসভায় মহিউদ্দিনের বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেন, আমৃত্যু চট্টগ্রাম ও চট্টগ্রামবাসীর জন্য কাজ করে গেছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। দাবি আদায়ে তিনি ছিলেন আপসহীন।

“চট্টগ্রামে যে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে সেটি উনার নামে করার দাবি জানাচ্ছি। আশা করি আমাদের পক্ষ থেকে করা এ দাবির প্রতি প্রধানমন্ত্রী সমর্থন রাখবেন।”

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ বলেন, চট্টগ্রামের সব দল-মতের মানুষের কাছে অভিভাবক ছিলেন মহিউদ্দিন চৌধুরী। তিনি ছিলেন চট্টগ্রামের সম্পদ। অসাধারণ সব কর্মকাণ্ডের রূপকার কর্মবীর এ মানুষটি আমৃত্যু সাধারণ জীবনযাপন করেছেন।

চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা রয়েছে। আগামী বছরের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হতে পারে।

চট্টগ্রাম নগরীতে মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে এবং নগরীর প্রান্তে ফৌজদারহাটে এই দুটি প্রস্তাবিত স্থানে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পক্ষে অবস্থান ছিল দুটি পক্ষের।

এর মধ্যে গত বছরের ১৮ অগাস্ট ফৌজদারহাটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী বরাবরে ডিও লেটারও দিয়েছিলেন মহিউদ্দিন।

সোমবারের সভায় মহিউদ্দিনের ছেলে নওফেল বলেন, “বাবার অসমাপ্ত কাজ শেষ করতে আপনাদের সহযোগিতা চাই। নানা সীমাবদ্ধতার পরও চট্টগ্রাম সিটি করপোরেশনকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে গিয়েছিলেন তিনি।”

প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য হেলাল উদ্দিন চৌধুরী ও মোয়াজ্জেমুল হক, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং মহিউদ্দিনের ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীন প্রমুখ।