চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ চার যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার- মো. মোর্শেদ ওরফে রাশেদ (২৮), শহীদুল ইসলাম সৌরভ (২১), জাহিদুল ইসলাম ওরফে রাজু (২৪), ফয়জুল কবির ওরফে সুজন (৩৫)।
গোয়েন্দা পুলিশ বলছে, এরা সবাই পেশাদার ডাকাত দলের সদস্য। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে ডাকাতির উদ্দেশে বন্দরনগরীতে এসেছিল।
নগরীর কোতোয়ালি থানার কাটা পাহাড় এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তাররা রাতে কোনো স্থানে ডাকাতির করার উদ্দেশ্যে কাটা পাহাড় এলাকার কুমিল্লা হোটেলে জড়ো হয়েছিল।
খবর পেয়ে গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি শাটার গান ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান গোয়েন্দা কর্মকর্তা আসিফ।
তিনি জানান, গ্রেপ্তার রাশেদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় খুন করে ডাকাতির ও ভুজপুর থানায় ডাকাতির একটি করে মামলা রয়েছে।
