পুলিশের আশ্বাসে অনশন ভাঙলেন দিয়াজের মা
পুলিশের আশ্বাসে অনশন ভেঙেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মা জাহেদা আমিন চৌধুরী।
শনিবার রাতে নগরীর বেসরকারি হাসপাতাল সার্জিস্কোপে চিকিৎসাধীন জাহেদা আমিনকে দেখতে গিয়ে পানি পান করিয়ে অনশন ভাঙান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।
দিয়াজ হত্যামামলার আসামিদের প্রকাশ্যে দেখা গেলেও তাদের গ্রেপ্তার না করায় গত সোমবার অনশ শুরু করেছিলেন জাহেদা।
দিয়াজের বড় বোন জুবাঈদা ছারওয়ার চৌধুরী নিপা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে মাকে দেখতে হাসপাতালে আসেন পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
“পুলিশ সুপার দিয়াজের খুনিদের দ্রুততম সময়ে গ্রেপ্তারে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে মাকে পানি পান করান।”
এখনও অসুস্থ থাকায় হাসপাতালেই ভর্তি আছেন জাহেদা। তাকে এখন রাইলস টিউব দিয়ে তরল খাবার দেওয়া হচ্ছে বলে জানান নিপা।
ক্যাম্পাসেই অনশন শুরু করেছিলেন জাহেদা আমিন চৌধুরী, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জাহেদা সোমবার ক্যাম্পাসেই অনশন শুরু করেছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর ওই হাসপাতালে ভর্তি করা হয়।
গত বছরের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নিজের বাসা থেকে উদ্ধার করা হয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজের ঝুলন্ত লাশ।
এ ঘটনায় দিয়াজের মা বাদী হয়ে গত বছরের ২৪ নভেম্বর আদালতে হত্যা মামলা করেন।
ওই হত্যা মামলার আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সেসময়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, সেসময়ের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, ছাত্রলীগ নেতা আবুল মনসুর জামশেদ, রাশেদুল আলম জিশান, আবু তোরাব পরশ, মনসুর আলম, আবদুল মালেক, মিজানুর রহমান, আরিফুল হক অপু ও মোহাম্মদ আরমান।
দিয়াজ ইরফান চৌধুরী
আসামিরা সবাই চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন অনুসারী হিসেবে পরিচিত। খুন হওয়া দিয়াজও ছিলেন নাছিরের অনুসারী।
প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলেও আদালতের নির্দেশে হওয়া দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজকে ‘হত্যা’ করা হয় বলে উল্লেখ করা হয়।
দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ৭ অগাস্ট সব আসামিকে গ্রেপ্তারে আদালত নির্দেশ দিলেও এ মামলার কোনো আসামিই গ্রেপ্তার হয়নি এখনও।
