২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পাওয়া গাছের শেকড়-বাকড়ে শিল্পিত অবয়ব সমীরণের

কুড়িয়ে পাওয়া গাছের গুঁড়ি, শেকড়-বাকড়, যা সাধারণের চোখে ফেলনা, তাই সমীরণ দত্তের হাতের জাদুতে ওঠে প্রেম-দ্রোহ আর নানা প্রাণীর শিল্পিত অবয়ব।

চট্টগ্রাম ব্যুরো

উত্তম সেনগুপ্ত,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 09:53 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যলারিতে ‘মন বাগানের পাখি’ শিরোনামে শিল্পী সমীরণ দত্তের সপ্তাহব্যাপী কাঠকর্ম প্রর্দশনী শেষ হয়েছে বুধবার।

গাছের গুঁড়ি ও শেকড় দিয়ে তৈরি আসবাবেরও ঠাঁই হয়েছে প্রদর্শনীতে।

চাঁদপুরের শাহরাস্তির ছেলে সমীরণ ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে কর্মজীবন শুরু করেন ঢাকায় একটি পোশাক কারখানায়। সেখানে কিছুদিন কাজ করার পর চাকরি নেন চট্টগ্রামের পাহাড়তলীতে আবুল খায়ের গ্রুপে।

সমীরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেখানে কাজ করার সময় জীবনের গতিপথ পাল্টে যায়।

“রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি কাঠ ও শিরীষ কাগজ দিয়ে ঘষতে ঘষতে পেয়ে যাই একটি অবয়ব।”

তিনি বলেন, প্রকৃতিগতভাবে গাছে বিভিন্ন ‘কম্পোজিশন’ থাকে। সেগুলোর ওপর কাজ করে তৈরি করা হয় বিভিন্ন অবয়ব। আর এসব ফেলে দেওয়া কাঠ, শেকড়,-বাকড়গুলো সংগ্রহ করা হয় চাঁদপুরের শাহরাস্তি, গাজীপুর ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে।

অবয়ব আর আসবাব তৈরিতে সমীরণ বেশি ব্যবহার করেন লিচু গাছের শেকড় ও মেহগনি গাছ।

শিল্পের আকর্ষণে সমীরণের জীবনের গতিধারাও পাল্টেছে। ১৯৯৬ সালে আবুল খায়ের গ্রুপ ছেড়ে চলে যান এন মোহাম্মদ প্লাস্টিকে। সেখানেও থিতু হতে না পেরে চাকরি ছেড়ে চলে যান চাঁদপুরের শাহরাস্তি।

১৯৯৭ সালের দিকে সংসার জীবনে প্রবেশ করেন সমীরণ। প্রথম সন্তানের জন্মের পর ২০০২ সালে হঠাৎ বাড়ি থেকে নিরুদ্দেশ হন।

প্রায় আট মাস পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা সমীরণ এসময় ছিলেন কুমিল্লা, কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামে। 

প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সমীরণ কাঠকর্মে নিমগ্ন হওয়ার বিষয়ে বলেন, “কয়েকজন বন্ধুর ফার্নিচারের দোকান আছে চট্টগ্রামে। সেখানে গিয়ে বসতে বসতে কিছু ফেলে দেওয়া কাঠে এন্টিকাটার দিয়ে অবয়ব তৈরি করতাম।

“এসব অবয়ব নিয়ে ২০০২ সালে একদিন ছুটে গেলাম চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায় একুশে পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের কাছে। আমার কাজগুলো দেখে তিনি আমাকে বলেছিলেন ‘তুমিতো শেষ। হিসাব বিজ্ঞানের ছাত্র হয়ে তুমি এগুলো তৈরি করছ, তুমিতো আর এখান থেকে বের হতে পারবে না’।পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছিলেন ফেরদৌসি প্রিয়ভাষিনীর সাথে দেখা করতে।”

এর প্রায় চার বছর পরে ২০০৬ সালে তিনি ফেরদৌসী প্রিয়ভাষিনীর কাছে একটি শিকড়ে তৈরি অবয়ব নিয়ে গিয়েছিলেন জানিয়ে সমীরণ বলেন, “তিনি আমাকে তার ‘উত্তরাধিকারী’ বলে স্বীকৃতি দিয়েছিলেন।”

“এর কিছুদিন পর ধানমণ্ডির গ্যালারি চিত্রকে কাছের কিছু মানুষ আমার প্রথম কাঠকর্ম প্রদর্শনীর আয়োজন করেছিলেন। যেখানে ফেরদৌসী প্রিয়ভাষিনী উপস্থিত ছিলেন।”

এরপর ঢাকায় ছয়টি, সিলেট ও চাঁদপুরের শাহরাস্তিতে একটিসহ মোট আটটি প্রদর্শনীর আয়োজন করেছেন।

নিজের কাজের নবম প্রদর্শনী হলেও যে শহরে থেকেই কাঠকর্মের প্রতি ঝোঁক সৃষ্টি ও এক পর্যায়ে থিতু হয়ে যাওয়া, চট্টগ্রামে এটি তার প্রথম প্রদর্শনী।

সৃষ্টির মধ্যেও অনেকসময় প্রতারণারও শিকার হয়েছিলেন সমীরণ। তবে সেসব বিষয়ে না বলে সমীরণ শুধু মনে রাখেন তার পরিবার ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা আরও সহযোগিতার কথা।

সৃষ্টিশীল এ মানুষটি আবার আর্থিকভাবে অনেকটা অস্বচ্ছলও। কৃষক পরিবারের সন্তান সমীরণ দুই ভাই, দুই বোনের মধ্যে সবার ছোট। ১৯৯৫ সালে বড় ভাই মারা যান সড়ক দুর্ঘটনায়।

জীবনের গল্প বলতে গিয়ে তিনি বলেন, “আমার তৈরি করা ফার্নিচারগুলো অনেক দামি। তাই কাঠ জোগাড় করতে অনেক টাকার প্রয়োজন হয়। সেজন্য নিজের জমিও বিক্রি করতে হয়েছে কয়েক বার।”