২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক ফাঁকি দিতে গিয়ে বাড়তি গুণতে হল ১৬ লাখ

৬৩ লাখ টাকার বেশি শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণায় বন্দর থেকে পণ্য খালাসের সময় ধরা পড়ে ওই শুল্কের সঙ্গে জরিমানা হিসেবে আরও ১৬ লাখ টাকা দিতে হয়েছে ঢাকার একটি প্রতিষ্ঠানকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 08:10 PM

Updated : 12 Apr 2022, 12:49 AM

মিরপুরের সেনপাড়া পর্বতার প্যারেন্টস এন্টারপ্রাইজ বুধবার মোট ৮১ লাখ ৩৮ হাজার ১৬৪ টাকা পরিশোধ করার পর তাদের পণ্য খালাসে অনাপত্তিপত্র দেওয়া হয় বলে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ জানিয়েছেন।

আমদানিকারক এই প্রতিষ্ঠান ইতালি থেকে চারটি ট্রাক মাউন্টেড ক্রেন এনে শুল্ক ফাঁকি দিতে ‘মোবাইল লিফটিং ফ্রেম’ ঘোষণা দিয়ে ছাড়ের চেষ্টা চালায়।

সন্দেহজনক মনে হওয়ায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গত ৩০ অক্টোবর চালানটি জব্দ করে। পরবর্তীতে কায়িক পরীক্ষার পর শুল্ক গোয়েন্দারা দেখতে পান, সেখানে ট্রাক ফিটেড ক্রেন রয়েছে।

তারেক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদনিকারকের ঘোষিত পণ্য অনুসারে এসবের শুল্ক কর আসে দুই লাখ ২৩ হাজার ১৮৭ টাকা। কিন্তু ট্রাক ফিটেড ক্রেন হওয়ায় এসব পণ্যের শুল্ক করের পরিমাণ দাঁড়ায় ৬৫ লাখ ৩৮ হাজার ১৬৪ টাকা। এর মধ্য দিয়ে আমদানিকারক বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করেন।

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকারককে নির্ধারিত শুল্ক করের সঙ্গে আরও ১৬ লাখ টাকা জরিমানা করে।