ইয়াবা মামলায় ৬ বছর সাজা
দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে ছয় বছরের সাজা দিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ আদেশ দেন।
দণ্ডিত আসামির নাম মো. জালাল আহমেদ (৫৭)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী এলাকার বাসিন্দা।
মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ছয় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
“পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।”
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৭ জুলাই নগরীর শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জালালকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পাঁচলাইশ সার্কেলের পরিদর্শক মো. আবুল কাশেম বাদী হয়ে মামলা করেন।
ওই মামলায় গত বছরের ৫ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয়া হয়। এরপর গত বছরের ৩১ নভেম্বর অভিযোগ গঠন করা হয়।
এ মামলায় ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় দেয় আদালত।
