চট্টগ্রামে সোনা পাচারে ছয় বছরের সাজা
দুই বছর আগে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ৩৭টি সোনার বারসহ আটক এক বিমানযাত্রীকে ছয় বছরের সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর রোববার ২০১৫ সালের এ মামলার রায় ঘোষণা করেন।
ছয় বছর কারাদণ্ডের পাশাপাশি আসামি মোহাম্মদ হেসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। এই অর্থ না দিতে পারলে তাকে আরও তিন মাস জেলে থাকতে হবে বলে পিপি ফখরুদ্দিন চৌধুরী জানান।
ওই ঘটনায় বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরী পতেঙ্গা থানায় এ মামলা করেন।
২০১৫ সালের ১১ জুন এ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়; ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে তার বিচার শুরু করে আদালত।
ছয়জন সাক্ষীর বক্তব্য শুনে রোববার রায় ঘোষণা করল আদালত।
