নিখোঁজ কিশোর সাড়ে তিন মাস পর গাজীপুরে উদ্ধার
চট্টগ্রামের একটি দোকান থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে সাড়ে তিন মাস আগে নিখোঁজ হওয়া কিশোর কর্মচারীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার গাজীপুরের জয়দেবপুরে একটি চায়ের দোকান থেকে ১৫ বছর বয়সী কিশোর শরিফ হোসেনকে উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রো অঞ্চলের কর্মকর্তারা।
লক্ষ্মীপুর জেলার কমলনগরের কামাল উদ্দিনের ছেলে শরিফ নিখোঁজ হওয়ার প্রায় একমাস আগে বন্দর থানাধীন ফকিরহাটে আলী মুছা ও মোহাম্মদ ফারুকের ওই পুরনো লোহার দোকানে কাজ নিয়েছিল।
পিবিআই জানায়, গত ৪ অগাস্ট দোকান থেকে নগদ ২২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে উধাও হয় শরিফ।
এই ঘটনায় মুছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শরিফের হদিস না মেলায় তার বাবা কামাল উদ্দিনও ডবলমুরিং থানায় আরেকটি জিডি করেছিলেন।
পরে শরিফের সন্ধান না মেলায় গত ১৩ সেপ্টেম্বর কামাল উদ্দিন লক্ষ্মীপুরের আদালতে মুছা ও ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু পাচার আইনে অপহরণ মামলা করেন। মামলা আমলে নিয়ে দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত।
পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনা তদন্তের দায়িত্ব নিয়ে পিবিআই শরিফের ফেসবুক পেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান গাজীপুরে শনাক্ত করে।
“পরে তাকে গাজীপুরের জয়দেবপুরের একটি হোটেলে কর্মরত অবস্থায় আটক করে চট্টগ্রাম নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে তাকে কেউ অপহরণ করেনি। সে দোকান থেকে ২২ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছিল।”
পালানোর সময় সে মোবাইল ফোনটি সীতাকুণ্ডে ফেলে দেয় বলেও পুলিশকে জানিয়েছে।
এ ঘটনায় শরিফ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিয়েছে বলেও জানান পরিদর্শক সন্তোষ চাকমা।
