২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ শিশুর লাশ মিলল বাসার কাছেই

চট্টগ্রামে নিখোঁজের পরদিন এক শিশুর লাশ মিলেছে বাসার কাছেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 04:54 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

মঙ্গলবার সকালে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার চার নম্বর রোডে সোহাগী আক্তার সুমাইয়া নামের সাড়ে তিন বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

ওই এলাকার ইউসুফ কলোনির বাসিন্দা মো. ইউসুফের মেয়ে সোহাগীকে সোমবার সকাল থেকে পাওয়া যাচ্ছিল না।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) মোবাশ্বের হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাসার কাছেই সোহাগীর লাশ পাওয়া যায়। তার শরীরে ও বাম গালে নখের আঁচড় রয়েছে। চোখ, মুখ ও ঠোঁট কালচে হয়ে ফুলে গেছে।”

তিনি জানান, সোমবার সোহাগী নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল।

“সকালে বাসার কাছেই শিশুটির লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে জানায়।”

পুলিশ কর্মকর্তা মোবাশ্বের বলেন, “পরিবারের সদস্যরা বলছে শিশুটিকে ‘জ্বিন’ নিয়ে গিয়েছিল, আমরা বলছি এটি হত্যাকাণ্ড। এজন্য লাশ ময়না তদন্তে পাঠিয়েছি।”