২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের কিস্তি জোগাড়ের চেষ্টায় শিশু অপহরণ, ফুপা গ্রেপ্তার

শিশু অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে, সম্পর্কে যিনি শিশুটির ফুপা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 05:57 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

পুলিশ বলছে, গ্রেপ্তার রফিকুল ইসলাম (২৬) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে মুক্তিপণ আদায়ের জন্য তিনি শিশুটিকে অপরহরণ করেছিলেন।

নগর গোয়েন্দা পুলিশ ও হালিশহর থানা পুলিশের যৌথ অভিযানে রোববার দুপুরে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তারের পর তিন বছর বয়সী অপহৃত শিশুকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রফিকুল চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের নুরুল আলমের ছেলে।

উদ্ধার করা শিশু জুবায়েদ হালিশহর ছোট পুল এলাকার গুলবাগ ওয়ালটন গলির বাসিন্দা মো. নাছিরের ছেলে। নাছির ওই এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বয়ের কাজ করেন। 

নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুল তাদের বাসায় থেকে রিকশা চালান। শনিবার দুপুরে সে সবার অগোচরে জুবায়েদকে ঘুম থেকে তুলে কোলে করে নিয়ে যায়।

“কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় আমরা মাইকিং করি, ওই সময় রফিকুলও আমাদের সাথে ছিল।”

সন্ধ্যা ৭টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ১০ হাজার টাকা দাবি করা হয় জানিয়ে নাছির বলেন, “রাতে আমরা জুবায়েদের সন্ধানে থানায় অভিযোগ করে বাসায় আসার পর থেকে রফিকুলকে খুঁজে পাচ্ছিলাম না।”

Image
উদ্ধার শিশু জুবায়েদ

উদ্ধার শিশু জুবায়েদ

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ জানান, রাতে শিশুটির বাবা হালিশহর থানায় অভিযোগ করলে গোয়েন্দা পুলিশ ও হালিশহর থানা পুলিশ যৌথ অভিযানে নামে।

“চন্দনাইশ উপজেলা ও নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বহদ্দারহাট এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। পরে রফিকুলের স্বীকারোক্তি অনুযায়ী পাঁচলাইশ থানার বদি আলম গলিতে তার খালার বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।”

জিজ্ঞাসাবাদে রফিকুলের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে পুলিশ কর্মকর্তা পলাশ বলেন, “শনিবার দুপুরে রফিকুল শিশু জুবায়েদকে পাঁচলাইশ থানার বদি আলম গলিতে তার খালার বাসায় রেখে আসে। ওই সময় সে তার খালাকে জুবায়েদের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে জানিয়েছিল।

“পরে রফিকুল ছোটপুল এলাকায় জুবায়েদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে তাকে খুঁজতে মাইকিং করেন।”

জিজ্ঞাসাবাদে রফিকুল পুলিশকে জানিয়েছেন, আগে ছোটপুল এলাকায় তার শ্বশুরের বাসার কাছে স্ত্রীকে নিয়ে থাকলেও মাস কয়েক আগে স্ত্রীকে বৈলতলীতে গ্রামের বাড়ি রেখে আসেন তিনি।

তিনটি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে প্রতি সপ্তাহে এক হাজার ৩০০ টাকা করে পরিশোধ করতেন। গত তিন সপ্তাহ ধরে ঋণের কিস্তি পরিশোধ করতে পারেননি, বাড়িতে স্ত্রী-সন্তানদের ভরণ পোষণও দিতে পারেনি।

“টাকা জোগাড় করতেই মূলত সে জুবায়েদকে অপহরণ করে ১০ হাজার টাকা দাবি করে বলে পুলিশকে জানিয়েছে,” বলেন পুলিশ কর্মকর্তা পলাশ কান্তি নাথ।