২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সেরা করদাতাদের সম্মাননা

চট্টগ্রামের ৪১ সেরা করদাতা এবং ‘কর বাহাদুর পরিবার’ খেতাব পাওয়া আট পরিবারকে সম্মাননা দিয়েছে আয়কর বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 09:02 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

বুধবার জিইসি কনভেনশন সেন্টারে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানে সর্বোচ্চ,  দীর্ঘ মেয়াদে করদাতা,  নারী ও তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে চট্টগ্রামের চারটি কর অঞ্চলের অধীন চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজার জেলার ৪১ করদাতাকে সম্মাননাপত্র দেওয়া হয়।

এছাড়া ‘কর বাহাদুর’ আট পরিবারকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, “বাংলাদেশ এখন স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে বড় বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এ টাকার বড় উৎস হচ্ছে আয়কর। সচেতন নাগরিকরা যদি কর দেয়, তাহলে দেশ আরও এগিয়ে যাবে।”

কর দিতে গিয়ে করদাতারা যাতে ঝামেলায় না পড়েন, তা নিশ্চিত করতে কর প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মাহবুব হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা প্রমুখ।

‘কর বাহাদুর পরিবার’ হিসেবে চট্টগ্রাম থেকে সম্মাননা পেয়েছেন নুরুল ইসলাম বিএসসি ও তার পরিবার, এ কে খান গ্রুপের একেএম শামসুদ্দিন খান ও তার পরিবার, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী ও তার পরিবার, আকিজ গ্রুপের আবুল হাশেম ও তার পরিবার,  ফরিদ আহমেদ ও তার পরিবার, জোহাইর তাহের আলী ও তার পরিবার, মো. এম জালার উদ্দিন চৌধুরী ও তার পরিবার এবং নুর নাহার জামান ও তার পরিবার।

চট্টগ্রামে গত এক নভেম্বর থেকে জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়ে শেষ হয় মঙ্গলবার।তার পরদিনই সেরা করদাতাদের সম্মাননা জানানো হল।

পুরনো খবর:

চট্টগ্রাম কর অঞ্চলে সম্মাননা পাচ্ছেন ৪১ করদাতা