আমিন জুট মিলে আগুনের ঘটনা তদন্তে কমিটি
চট্টগ্রামের আমিন জুট মিলের গুদামে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার গঠন করা এ কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে মিলের ডিজিএম (পার্চেজ) আহসান হাবীবকে।
আমিন জুট মিলের ম্যানেজার (প্রশাসন) এনায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কেন আগুন লেগেছে তা জানা যায়নি। কমিটি তদন্ত করে সাতদিনের মধ্যে তাদের প্রতিবেদন দেবে।
এদিকে মঙ্গলবার দুপুর নাগাদ জুট মিলের ৪ নম্বর পাটের গুদামে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।
জসিম জানান, যে গুদামে আগুন লাগে সেখানে সরবরাহ করা পাট এনে জমা করা হতো। এরকম আরও তিনটি গুদাম আগুন থেকে রক্ষা পেয়েছে।
আগুন নেভাতে গিয়ে আবদুর রউফ ও মঈন উদ্দিন নামে দুইজন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।
আগুন লাগর সুনির্দিষ্ট কারণ এখনও উৎঘাটন করতে পারেনি ফায়ার সার্ভিস।
