২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চমেক হাসপাতালে স্থানাভাবের কথা শুনলেন স্বাস্থ্যমন্ত্রী

স্থান স্বল্পতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়িতেও রোগী রাখতে হয় বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানালেন হাসপাতালটির পরিচালক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 09:34 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সঙ্গে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন সংক্রান্ত আলোচনায় এই কথা শোনেন মন্ত্রী।

সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন বলেন, “আমাদের পাঁচশ বেডের হাসপাতাল। ১৩১৩ শয্যার অনুমোদন আছে খাবার আর বরাদ্দের জন্য। কিন্তু এখন রোগী পাবেন তিন হাজার।

“স্থানের স্বল্পতার জন্য রোগী ফ্লোরে, বারান্দায় এমনকি সিঁড়িতে পর্যন্ত রেখেছি। স্থানাভাব দূর করার প্রস্তাব দিয়েছি। ২০১৬ সালে পিইসি সভা হয়েছে। একনেকে মিটিংও হয় হসপিটাল-২ করার জন্য, হয়নি।”

রোগীর স্থান সঙ্কুলানের জন্য এক হাজার শয্যা ধারণক্ষমতার একটি ১৪ তলা ভবন নির্মাণের প্রস্তাব দেন পরিচালক।

“ওই ভবন হলে এক হাজার জনের ব্যবস্থা হবে। আর দেড় হাজার জনের দায়িত্ব কমিয়ে ফেলব।”

তিনি আরও বলেন, তিন হাজার জনের মধ্যে ছয়শটি শিশু রয়েছে, নগরীতে একটি শিশু হাসপাতাল করা গেলে সেই চাপ কমবে। একটি কার্ডিয়াক হাসপাতাল করা গেলে কমবে আরও সাড়ে তিনশ রোগী। ট্রমা হাসপাতাল করলে কমবে আরও পাঁচশ রোগী।

ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন বলেন, “সাংবাদিকরা আমাকে বলে- ঢাকায় একাধিক বিশেষায়িত হাসপাতাল আছে। চট্টগ্রামে একটাও নেই। চট্টগ্রামের বিষয়ে কি আমরা তাহলে শীতল?”

এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিস্ময় প্রকাশ করে বলেন, “বিশেষায়িত হাসপাতাল করতে কখনও উদ্যোগ নেওয়া হয়নি! এটা দ্বিতীয় রাজধানী, বাণিজ্যিক রাজধানী বলে। এসব করতে হলে আমাদের আরেক মেয়াদে ক্ষমতায় আসতে হবে।”

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রামের নেতাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এটা আপনাদের ব্যর্থতা। বিশেষায়িত হাসপাতালের কথা এতদিন বলেননি কেন? শিশু হাসপাতালের জন্য টাকা বরাদ্দ হয়েছে। দ্রুত জমি বের করে দেন।”

পরিচালক তার বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ১২টি আইসিইউ বেড থাকার কথা জানিয়ে দুর্ভোগের চিত্র তুলে ধরেন।

“কমপক্ষে ১০০টা প্রয়োজন। এখন ১০টাও যদি দেওয়া যায়। আর তিনজন এনেসথিওলজিস্ট।”

এরপর স্বাস্থ্যমন্ত্রী আইসিইউ বেড আটটি বাড়িয়ে মোট ২০টি করার বিষয়ে ঢাকায় মন্ত্রণালয়ের কর্মকর্তাকে ফোনে নির্দেশ দেন।

সভায় চট্টগ্রাম ও সিলেট জেলা জনসংখ্য নিয়ন্ত্রণে পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, “মেডিকেলে সামান্য বাথরুম পর্যন্ত পরিষ্কার থাকে না। হার্টের ওখানে তো বাথরুমে দুর্গন্ধের জন্য ঢোকাই যায় না।

“পরিবার পরিকল্পনার এরা কোনো কাজই করে না রাউজানে। রাউজানটা দেখার জন্য কাউকে নিয়োগ দেন। আপনি (মন্ত্রী) কমিটমেন্ট দেন রাউজানে যাবেন।”

সভায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইসমাইল, বিএমএ চট্টগ্রামের সভাপতি মজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর এবং চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।