২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় সিঅ্যান্ডএফ কর্মচারী নিহত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় ট্রাকচাপায় একজন সিঅ্যান্ডএফ কর্মচারী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 07:21 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

শনিবার বেলা দুইটার দিকে ওই ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী আবু শুক্কুর। তাকে আটক করেছে পুলিশ।

নিহত রিমন চন্দ্র দে (৩৩) প্রাণ সিঅ্যান্ডএফের কর্মচারী। তিনি মিরসরাই উপজেলার নিশ্চিন্তা গ্রামের প্রিয়রঞ্জন দের ছেলে।

রিমন সীতাকুণ্ড রেল গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

বন্দর থানার এসআই মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অফিসের কাজে এনসিটিতে গিয়েছিলেন রিমন।

“রিমন একটি ট্রাক ও একটি কার্ভাড ভ্যানের মাঝখানে আটকা পড়েন। এসময় ট্রাক চালকের সহকারী ট্রাকটি এগিয়ে নেওয়ার চেষ্টা করলে রিমন মাথায় গুরুতর আঘাত পান।”

বন্দর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকের সহকারী আবু শুক্কুরকে আটক করে।

এসআই মাসুদুর রহমান বলেন, বন্দরে ঢোকার পর ট্রাকটি সহকারী আবু শুক্কুর চালাচ্ছিলেন।