২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার ওমর গণি এমইএস কলেজের সামনের সড়কে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 01:47 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

নিহত মোহাম্মদ জাহাঙ্গীর (৩৫) নগরীর ফরিদার পাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ভোলায়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে এমইএস কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে কোন গাড়ি জাহাঙ্গীরকে চাপা দিয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।

গাড়িচাপায় গুরুতর আহত জাহাঙ্গীরকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এমইএস কলেজের শিক্ষার্থী শেখ মামুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে বাসা থেকে নাস্তা করতে বের হয়ে সড়কে জটলা দেখে এগিয়ে যাই।

“দেখি একজন সড়কের পড়ে আছে। উনার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল। রাস্তা রক্তে ভেসে যাচ্ছিল। লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে ছবি ও ভিডিও করছিল।”

পরে সেখানে থাকা ট্রাফিক পুলিশের সদস্যদের সহায়তায় জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান শেখ মামুন।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টা ২০ মিনিটের দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনা ঘটানো গাড়িটি চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

শেখ মামুন বলেন, নিহত ব্যক্তির পকেটে থাকা কাগজপত্র থেকে পাওয়া নম্বরে ফোন করলে উনার ভাই এসে শনাক্ত করেছেন। তার দুই ছেলে ও এক মেয়ে আছে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুরুতে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে পরিচয় জানার পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

“সিসিটিভি ফুটেজ দেখে আমরা কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে তা চিহ্নিত করার চেষ্টা করছি। নিহত জাহাঙ্গীর তার বাবার ঠিকাদারি কাজে সহযোগিতা করতেন।”