দুর্ঘটনায় শিশুর মৃত্যু, জনতার রোষে দুই পুলিশ
সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় পিকআপ চাপায় এক শিশুর মৃত্যুর পর স্থানীয়দের রোষের শিকার হয়েছে পুলিশ। জনতার মারপিটে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
আহতরা হলেন- এটিএসআই মো. মনির ও কনস্টেবল মো. কাশেম।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ টাকা নেওয়ার জন্য পিকআপটিকে থামার সঙ্কেত দিয়েছিল। কিন্তু সেটি না থেকে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় শিশুটিকে চাপায় দেয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে টোল রোডের দিকে থেকে একটি পিকাপ ভ্যান দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
“এতে স্থানীয় এক চা দোকানীর ছেলে আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।”
পুলিশ কর্মকর্তা রেজাউল মাসুদ বলেন, ওই ছেলেটি স্থানীয় একটি স্কুলে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে দোকানে কাজ করত।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকাল সোয়া ১০টার দিকে তারেক নামের ১৬ বছর বয়েসী ছেলেটিকে হাসপাতালে আনার পর সোয়া ১২টার সে মারা যায়।
স্থানীয়রা বলছেন, টোল রোডে সীতাকুণ্ড অংশে একটি ট্রাফিক পুলিশ বক্স আছে। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রতিদিন বিভিন্ন যানবাহন থেকে টাকা তোলেন।
মঙ্গলবার সকালে পিকাপটিকে থামার সঙ্কেত দিলে সেটি দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করলে তারেককে ধাক্কা দিয়ে উল্টে যায়।
তবে যানবাহন থেকে ট্রাফিক সদস্যদের টাকা তোলার অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তা রেজাউল মাসুদ বলেন, গাড়িটির গতি বেশি থাকায় সেটি উল্টে যায়।
“কিন্তু স্থানীয় কিছু লোকজন উত্তেজিত হয়ে পুলিশের সাথে কথাকাটাকাটি করে দুইজনকে মারধর করে।”
