২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আয়কর মেলায় এবার লক্ষ্য ৬০০ কোটি টাকা

চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে সাত দিনের আয়কর মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 04:47 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

সোমবার চট্টগ্রামের সরকারি কার্যভবন-১ এর কর বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে মেলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়কর মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার মাহবুব হোসেন জানান, এ বছর মেলায় চট্টগ্রাম মহানগরীতে ২২ হাজার আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের বিপরীতে ৬০০ কোটি টাকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা করা হয়েছে।

২০১০ সাল থেকে চট্টগ্রাম মহানগরীতে শুরু হওয়া এ মেলায় গত বছর ১৮ হাজার ৩৪৯ রিটার্ন দাখিলের বিপরীতে ৫১৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৪৯১ টাকা আয়কর আদায় হয়েছিল।

বুধবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মেলা উদ্বোধন করবেন।

কর কমিশনার মাহবুব জানান, অন্যান্য বছরের মতো এবছরও মেলায় কাস্টমস ও মূল্য সংযোজন কর বিভাগের ও জাতীয় সঞ্চয় পরিদপ্তরের বুথ রাখা হবে।

এতে আয়কর ছাড়াও জনগণ কাস্টমস ও মূল্য সংযোজন কর এবং সঞ্চয় পরিদপ্তরের বিভিন্ন বিষয়ে জানার সুযোগ পাবেন। এটা এ বছরের আয়কর মেলার নতুন সংযোজন বলে জানান মাহবুব।

এদিকে চট্টগ্রাম মহানগরীর বাইরে সীতাকুণ্ডে দুইদিনব্যাপী আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া, লোহাগাড়, চন্দনাইশ, সাতকানিয়া, রাউজান, হাটহাজারি ও কক্সবাজারের রামু, টেকনাফ ও চকরিয়া উপজেলায় একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

এছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা শহরে চার দিনের আয়কর মেলা অনুষ্ঠিত হবে। 

এবার ঢাকা, চট্টগ্রামসহ আটটি বিভাগীয় শহরে সাতদিন, জেলা শহরে চার দিন, ৩২টি উপজেলায় দুই দিনের এবং ৭১টি উপজেলায় একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা হবে।