২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্মঘটে পণ্য পরিবহন মালিক সমিতি

মহাসড়কের সব ওজন স্কেল একই নিয়মে পরিচালনা, চাঁদাবাজি বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে ধর্মঘট শুরু করেছে চট্টগ্রামের পরিবহন মালিকদের একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 03:29 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক সমিতি ঐক্য পরিষদের ডাকে রোববার ভোর থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে ট্রাক, কভার্ড ভ্যান, লরিতে করে পণ্য পরিবহনের পাশাপাশি চট্টগ্রাম থেকে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

ঐক্য পরিষদের সদস্য সচিব আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব ওজন স্কেল একই নিয়মে পরিচালনা করা, মহাসড়কে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ করাসহ এই পাঁচ দফা দাবিতে তারা সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন।

“কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।”

আবু বকর সিদ্দিক জানান, এসব দাবি নিয়ে সোমবার পরিষদের নেতাদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠকে বসার কথা রয়েছে।