২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর বাইক চোরচক্রের সন্ধান, ৩টি বাইক উদ্ধার

চট্টগ্রামে মোটর সাইকেল চুরি এবং বেচাকেনায় জড়িত একটি চক্রের সন্ধান পাওয়ার পর তিনটি মোটর সাইকেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 05:05 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

গত ২১ অক্টোবর চক্রের সদস্য জসিমকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগর ও সাতকানিয়া থেকে আরো দুইজনকে গ্রেপ্তার ও চোরাই মোটর সাইকেলগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দিদার (২৫) ও বাদশা (২৫)। এদের মধ্যে দিদার চোরই মোটর সাইকেলের ক্রেতা। 

অভিযানের নেতৃত্ব দেওয়া নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এএএম হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২০ অক্টোবর পাহাড়তলীর ওয়াপদা অফিস থেকে একটি মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত করতে গিয়ে ভিডিও ফুটেজ দেখে ২১ অক্টোবর জসিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জসিমকে নিয়ে অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া থেকে চুরি করা মোটর সাইকেলটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Image
চোরচক্রের অন্যতম সদস্য জসিম

চোরচক্রের অন্যতম সদস্য জসিম

গ্রেপ্তার জসিমকে রিমান্ডে নিলে সে মোটর সাইকেল চুরির বিভিন্ন তথ্য দেয় জানিয়ে হুমায়ন বলেন, “তার তথ্য অনুযায়ী নগরীর টেরিবাজার থেকে দিদারকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সাতকানিয়া উপজেলার কাঞ্চনা এলাকা থেকে বাদশাকে গ্রেপ্তার করে তিনটি মোটর সাইকেলের সন্ধান পাওয়া যায়।

“নগরীর বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেলগুলো কয়েকমাস আগে চুরির পর জসিম সেগুলো দিদারের কাছে বিক্রি করেছে বলে জানিয়েছে।”

গোয়েন্দা পুলিশের দাবি, জসিমের দলে আনোয়ার নামে আরও একজন আছে। মূলত তারা দুইজনই নগরীর বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে।

চুরি করা মোটর সাইকেলগুলো কক্সবাজার, বান্দরবান জেলাসহ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়ায় বিক্রি করে। দিদার তাদের অন্যতম ক্রেতা বলে জানিয়েছে জসিম, বলেন পুলিশ কর্মকর্তা হুমায়ন কবির।

“জসিম জানিয়েছে, ২০১৪ সালে হালিশহর থানার একটি অপহরণ মামলায় গ্রেপ্তার হওয়ার পর কারাগারে আনোয়ারের সাথে তার পরিচয় হয়। জেল থেকে ছাড়া পেয়ে তারা একসাথে চুরি করত।

“২০১৫ সাল থেকে জসিম মোটর সাইকেল চুরির সাথে সম্পৃক্ত আর আনোয়ার বেশ কয়েক বছর ধরে এ পেশায় জড়িত।”

জিজ্ঞাসাবাদে জসিম জানিয়েছেন, চুরির জন্য তারা মূলত কিছুটা পুরনো মোটর সাইকেল শনাক্ত করে, যেগুলো তাদের কাছে থাকা চাবি দিয়ে খুলতে পারে।

কোনো মোটর সাইকেল তাদের পছন্দ হলে তা চাবি দিয়ে খুলে চালিয়ে উধাও হয়ে যায় তারা।