‘গৃহকরের বোঝা থেকে নগরবাসীকে রেহাই দিন’
আপিলের ‘প্রহসন’ না করে গৃহকরের বোঝা থেকে নগরবাসীকে রেহাই দিতে মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবসার।
বুধবার ‘গলাকাটা হোল্ডিং ট্যাক্স বাতিলের’ দাবিতে নগরীর অলঙ্কার মোড়ে আয়োজিত সমাবেশ থেকে এ আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশন গত বছরের মার্চে গৃহকর পুনর্মূল্যায়ন শুরু করলে আন্দোলনের ডাক দেয় বাড়ির মালিকদের সংগঠন করদাতা সুরক্ষা পরিষদ।
ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান, গণসমাবেশ ও গণমিছিলের মতো কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
বর্ধিত হার প্রত্যাহার করে আগের নিয়মের আয়তনের ভিত্তিতে কর ধার্য না হলে গৃহকর দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে পরিষদের বিভিন্ন সভা থেকে।
বিপরীতে আইন মানতে ‘বাধ্য’ জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ‘অপপ্রচারকারীদের’ বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করারও হুমকি দিয়েছেন।
এদিকে গৃহকরে আপিলের পক্ষে জনমত সৃষ্টির জন্য বুধবার নগরীর ২৫ নং রামপুরা ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে সুধীসমাবেশ করেছে ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র নাছিরের অনুসারীরা।
অলঙ্কার মোড়ের সমাবেশে পরিষদের নুরুল আবসার বলেন, “আপিলের প্রহসন না করে হাজার কোটি টাকার যে এসেসেমেন্ট বাণিজ্য হয়েছে সে বিষয়ে দ্রুত তদন্ত করুন।
সমাবেশে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, অসহনীয় করের বোঝা চাপিয়ে মেয়র সাধারণ মানুষের আস্থা হারাচ্ছেন।
“জেদাজেদি না করে আন্দোলনকারী ও চট্টগ্রামের নাগরিক সমাজের সাথে বসে এ বিষয়টি যত দ্রুত সমাধান করা যায় ততই মেয়র ও চট্টগ্রামবাসীর জন্য মঙ্গলজনক হবে।”
পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আমির উদ্দিন ‘অবৈধ গৃহকর’ বাতিলের উদ্যোগ নেওয়া না হলে নগর ভবন ঘেরাও বা হরতালের মতো কর্মসূচি দেওয়ার হুমকি দেন।
৮ মহল্লা কমিটির সভাপতি এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর নুরুল বশরের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মারুফ রুমী।
সমাবেশে বক্তব্য রাখেন ৮ মহল্লার সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, পরিষদের সহ-সভাপতি মজিবুল হক চুন্ন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পপি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল করিম, সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুল আলম, মো. সেকান্দর চৌধুরী, জিয়াউর রহমান, মোজাফফর আহমদ মাসুদ সর্দার, সোলেমান সর্দার, নুর মোহাম্মদ সর্দার, জাফর আহমদ সর্দার, মনির উল্লাহ সর্দার, আবদুস সালাম ও মনির উল্লাহ সর্দার।
সমাবেশে শেষে গৃহকর নিয়ে গণসঙ্গীত পরিবেশন করেন শিল্পী মনির উল্যাহ কাদের।
শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর অলঙ্কার মোড় থেকে এ কে খান গেইট এলাকায় গিয়ে শেষ হয়।
