চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম (৩৫) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কমদপুরের বাসিন্দা।
সহকর্মী শ্রমিকদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিরিঙ্গী বাজার মোড়ে নির্মাণাধীন পাঁচতলা একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যান রেজাউল।
“সহকর্মীরা রেজাউলকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
