২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবককে গুলি: ‘সমঝোতার’ পর মুক্তি আ. লীগ নেতার

এক যুবককে গুলি করার ঘটনায় এক দিন আগে গ্রেপ্তার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জুকে ছেড়ে দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2017, 10:42 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

ওই ঘটনা নিয়ে মঞ্জুর সঙ্গে অন্য পক্ষের ‘সমঝোতার পর’ অভিযোগ প্রত্যাহার হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়ে বলে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।

রোববার রাতে ছাড়া পাওয়ার পর মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সমাধান হয়ে গেছে।”

তবে অভিযোগ প্রত্যাহারের বিষয়ে গুলিবিদ্ধ জয়নালের ভাই এস এম আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আওয়ামী লীগ নেতা মঞ্জু এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন তিনি।

Image
মঞ্জুরুল আলম মঞ্জু

মঞ্জুরুল আলম মঞ্জু

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জু ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। অফিসার্স ক্লাবের যুগ্ম সম্পাদকের দায়িত্বও তিনি পালন করছেন।

নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে শনিবার রাতে পায়ে গুলিবিদ্ধ হন মো. জয়নাল। তার বড় ভাই আনোয়ারা উপজেলা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর।

খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে জয়নালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর মঞ্জুকে আটক করে থানায় নিয়ে যায়।

রোববার দুপুরে আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তার আহত ছোট ভাই জয়নাল।

এদিকে মঞ্জুকে আটকের খবর পেয়ে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে অবরোধ করে তার অনুসারী দলীয় নেতা-কর্মীরা।

সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল সমাবেশ করে তারা। বেলা ১টার দিকে পুলিশ ‘বুঝিয়ে’ অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এরপর রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানা থেকে মঞ্জুকে ছেড়ে দেওয়া হয়।

ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষের সমঝোতার পর ভিকটিম তার অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় মঞ্জুরুল আলমকে ছেড়ে দেওয়া হয়েছে।”

ঘটনার বর্ণনা দিয়ে মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অফিসার্স ক্লাবের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছি। ক্লাবের নির্দেশনা আছে আন-রেজিস্ট্রার্ড (সদস্য নয় এমন) কেউ ক্লাবে আসবে না।

“গতরাতে এরকম একজন ক্লাবে আসায় আমি কেন এসেছে তা জানতে চাই। তখনই জয়নাল আমার সাথে দুর্বব্যবহার করে। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হলে আমার কোমরে থাকা পিস্তল থেকে গুলি বেরিয়ে যায়।”  

পুরনো খবর:

পিস্তল বের করে পায়ে গুলি, আ. লীগ নেতা আটক
চট্টগ্রামে আ. লীগ নেতা আটকের পর সড়ক অবরোধ