হেফাজত কর্মীদের হাতে ৩ সাংবাদিক প্রহৃত
চট্টগ্রামের লালদিঘী ময়দানে হেফাজতে ইসলামের সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক সংগঠনটির একদল কর্মীর মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এরা হলেন- চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক জোবায়ের মনজুর, ক্যামেরাপার্সন সেলিম উল্ল্যাহ এবং বাংলাভিশনের ক্যামেরাপার্সন মো. সাইফুল ইসলাম।
এ বিষয়ে চ্যানেল টোয়েন্টিফোরের চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ওই সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলামের নাম মাইকে ঘোষণা করা হয়।
“তবে নাম ঘোষণা করা হলেও তিনি বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। এরপর মঞ্চের একপাশে মুফতি ইজাহারের অনুসারীদের সাথে অন্য পক্ষের কথা কাটাকাটি হয়।”
দুই পক্ষের কথা কাটাকাটির বিষয়টি ভিডিওতে ধারণ করতে গেলে মুফতি ইজাহারের অনুসারীরা সেলিম উল্ল্যাহকে মারধর করে এবং তার ক্যামেরার সামনের অংশ ভেঙে দেয়।
“তাদের থামাতে গেলে রিপোর্টার জোবায়ের মনজুরকে কিলঘুষি মারা হয়। বাংলাভিশনের ক্যামেরাপার্সন সাইফুল ইসলামকেও এ সময় চড়থাপ্পড় দেয় তারা।”
এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে টিভি ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রাম।
