২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রীকে শ্বশুর বাড়িতে হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্রী মনিষা দাশকে শ্বশুর বাড়ির লোকেরা বিজয়া দশমীর রাতে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করেছে বলে অভিযোগ তার পরিবারের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 03:00 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

‘পাহাড়তলি থানার দক্ষিণ কাট্টলীতে সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মনিষা দাশকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে জড়িতদের বিচার দাবিতে’ লেখা ব্যানার নিয়ে এ মানববন্ধন হয়।

মনিষা দাশের মৃত্যুর জন্য স্বামী অভিজিৎ দত্ত ও তার পরিবারের সদস্যদের দায়ী করেন মনিষার স্বজনরা।

মানববন্ধন চলাকালে সমাবেশে মনিষা দাশের বাবা দিলীপ দাশ বলেন, “দশমীর সন্ধ্যায় (৩০ সেপ্টেম্বর) টেলিফোন করে আমাদের বলা হয় মনিষা অসুস্থ হয়ে পড়েছে, আপনারা চট্টগ্রাম মেডিকেলে আসুন।

“মেডিকেলে গিয়ে দেখি কেউ আসেনি। রাত ৮টার দিকে মনিষাকে নিয়ে আসে অভিজিৎ। আমার মেয়ের গলায় দাগ। মাথায়, কপালে আর চোখের নিচে আঘাতের দাগ।”

কান্নারত অবস্থায় দিলীপ দাশ বলেন, “শ্বশুর বাড়ির লোকজন বলল দশমীতে শাশুড়ি ১০ টাকা প্রণামি দিয়েছে, তাই অভিমান করে আমার মেয়ে আত্মহত্যা করেছে। এরকম হাস্যকর কারণে কেউ আত্মহত্যা করে না।

“বিয়ের পর থেকেই মনিষাকে তারা মানসিকভাবে নির্যাতন করত। আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে এখন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।”

অবিলম্বে মনিষার স্বামী অভিজিৎ দত্ত, শাশুড়ি ঝর্ণা দত্ত এবং দুই ননদ মুন্নি দত্ত ও ঝিমকি দত্তকে গ্রেপ্তারের দাবি জানান দিলীপ দাশ।

মনিষার ভাই বিজয় দাশ বলেন, ঘটনার পরদিন থানায় গেলে পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মামলা নেবে না বলে জানিয়েছে।

“সিটি কলেজের এমবির ছাত্রী ছিল আমার বোন। প্রণামির জন্য সে আত্মহত্যা করেছে এটা পাগলও বিশ্বাস করবে না। আমি বোন হত্যার বিচার চাই।”

সমাবেশে অন্যদের মধ্যে বিভূ চক্রবর্তী, উজ্জ্বল দত্ত, সনজীব চক্রবর্তী, ইসহাক মিঞা বাবুল, অপু দত্ত, তন্ময় দে ও লিজা দাশ বক্তব্য রাখেন।