চট্টগ্রামে দুই মণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, আটক ১
চট্টগ্রামে দুই মণের বেশি গাঁজা ও ফেনসিডিলসহ এক ‘মাদক বিক্রেতাকে’ আটক করেছে র্যাব।
গ্রেপ্তার হাবীব উল্লাহ জাহেদ (৩৮) চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দেওয়ান বাজার ডিসি রোডের জেএসবিকে স্কয়ারের বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে নগরীর দেওয়ান বাজার ডিসি রোডে একটি ভবনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগে থেকে তথ্য পেয়ে রাতে দেওয়ান বাজার ডিসি রোডের জেএসবিকে স্কয়ার নামে একটি ভবনে অভিযান চালানো হয়।
“ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮৪ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”
র্যাব কর্মকর্তা আশেকুর বলেন, হাবীব উল্লাহ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান চক্রের সাথে জড়িত। তার বিরুদ্ধে চকবাজার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
