২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস হত্যার বিচার চায় ‘সিএফসি’ গ্রুপ

তিন বছর আগে গুলিতে শিক্ষার্থী তাপস সরকার হত্যার বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 08:44 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘সিএফসি’ গ্রুপের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল বলেন, দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও তাপস হত্যার কোনো বিচার হয়নি।

“গতকাল তাপস হত্যার মূল আসামি আশারাফুজ্জামান আশা আদালতে আত্মসমর্পণ করেছে। হয়তো কারো ছত্রছায়ায় সে আত্মসমর্পণ করেছে। আবার জামিনে বেরিয়েও আসতে পারে।”

লিখিত বক্তব্যে রেজাউল হক রুবেল বলেন, “দ্রুত বিচার করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানাচ্ছি।

“প্রকাশে দিবালোকে প্রতিক্রিয়াশীল অপশক্তির এজেন্ট আশরাফুজ্জামান আশার নেতৃত্বে গুলি করে তাপসকে হত্যা করা হয়। অথচ আজও তার পরিবার এর বিচায় পায়নি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থগিত কমিটির সহ-সভাপতি সুমন নাছির, এনামুল হক আরাফাত, তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলন করা সিএফসি গ্রুপের নেতাকর্মীরা নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

২০১৪ সালের ১২ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্ববিদ্যালয়  শহীদ মিনারে একসঙ্গে শ্রদ্ধা জানিয়ে আসার পর শাটল ট্রেনের বগি ভিত্তির দুই সংগঠন ‘সিএফসি’ ও ‘ভি-এক্স’র কর্মীরা সংঘর্ষে জড়ায়।

‘ভি-এক্স’ নিয়ন্ত্রিত শাহজালাল হল থেকে গুলি চালানো হলে ‘সিএফসি’ নিয়ন্ত্রিত শাহ আমানত হলের তৃতীয় তলার বারান্দায় দাঁড়ানো তাপস সরকারের পিঠে গুলি লাগে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেসময়ের বিলুপ্ত কমিটির উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশার নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে তখন অভিযোগ করেছিলেন সিএফসির নেতাকর্মীরা।

তাপস হত্যা মামলার প্রধান আসামি আশরাফুজ্জামান আশা বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

নিহত তাপস সরকার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার বাবুলগঞ্জ থানার বিষ্ণুপুর এলাকার বাবুল সরকারের ছেলে।