২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির মামলায় ৬ জনের সাজা

দুই যুগ আগে সীতাকুণ্ডের এক বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 06:55 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- আবুল কাশেম, বাদশা মিয়া, নুরুল আমিন, আবুল বশর, সাইফুল্লাহ ও আহমদ উল্লাহ।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল কাশেম ও বাদশা মিয়াকে ১৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়েছে।

“এছাড়া অন্য চার আসামির প্রত্যেককে ১০ বছর করে সাজা, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে।”

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঈনুদ্দিন নামের এক আসামিকে খালাসের আদেশ দেয় আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল কাশেম ও বাদশা মিয়া জামিন নিয়ে পলাতক, আর অন্য চার আসামি শুরু থেকেই পলাতক বলে জানান আইনজীবী লোকমান হোসেন চৌধুরী।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৩ সালের ১৭ এপ্রিল রাত দেড়টায় সীতাকুণ্ড থানার দক্ষিণ কলাবাড়িয়া এলাকায় শাহ আলমের বাড়িতে একদল ডাকাত হামলা চালায়।

ডাকাতরা বাড়ির বিভিন্ন মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা আবুল কাশেম ও বাদশা মিয়াকে ধরে ফেলে। তাদের কাছ থেকে কিছু মালামালও উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহ আলমের স্ত্রী শামসুন নাহার এ মামলা করেন।

তদন্ত শেষে ১৯৯৪ সালের ১ ফেব্রুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগ গঠন করা হয় ২০০০ সালের ৩ অক্টোবর।