চট্টগ্রামে আগুনে পুড়ল ৪ বসতঘর
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার পোমরা তালুকদার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রূপন কান্তি বিশ্বাস জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত ৩টার দিকে রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি গিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর মধ্যেই চারটি বসতঘর পুড়ে যায়।
ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা না গেলেও তা আনুমানিক তিন লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অগ্নিনির্বাপক কর্মকর্তা রূপন।
