‘স্ত্রীর গলা কেটে স্বামীর আত্মহত্যা’
চট্টগ্রামে স্ত্রীর ‘গলা কাটার’ পর ‘আত্মহত্যা’ করেছেন এক ব্যক্তি।
শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকার বাসা থেকে আহত অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় স্বামী মিঠু দাশ (৩০) রোববার বিকালে মারা যান বলে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
স্ত্রী রিকু দাশ (২৫)এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পেশায় মিস্ত্রি মিঠুর সঙ্গে তিন মাস আগে রিকুর বিয়ে হয়। বিয়ের পর তারা মৌলভী পুকুর পাড়ের এক বাসায় থাকতে শুরু করেন।
“পারিবারিক কলহের জের ধরে মিঠু গতরাতে তার স্ত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত করে। পরে স্ত্রী মারা গেছে ভেবে নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।”
তিনি বলেন, ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মিঠু মারা যান।
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার জানান, মেয়ে হত্যাচেষ্টার খবর শুনে রিকুর বাবা অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় গৃহবধূর ফুফু বাদী হয়ে থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন।
স্বামী-স্ত্রী দুজনেই আহত ও অসুস্থ অবস্থায় আনায় তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে এএসআই আলাউদ্দিন জানান।
