বিএসটিআই সনদ না থাকায় বেকারির জরিমানা
চট্টগ্রাম নগরীর দিদার মার্কেট এলাকায় বিএসটিআই সনদ ছাড়া মিষ্টি ও বেকারি পণ্য তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে দিদার মার্কেট এলাকায় ইকবাল সুইটমিট অ্যান্ড কনফেকশনারিতে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটির বিএসটিআই সনদ নেই।
“এছাড়া তারা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি পণ্য তেরি করে বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে।”
“ঝুঁকিপূর্ণ পরিবেশে আবাসিক ভবনে বিএসটিআই অনুমোদনহীন এবং সনদবিহীন যন্ত্রপাতি ব্যবহার করে ওই প্রতিষ্ঠানে বেকারি পণ্য উৎপাদন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।”
অভিযানে বিএসটিআই, চট্টগ্রামের প্রতিনিধি এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
