দশ হাজার হলুদ ইয়াবা উদ্ধার, আটক ২
চট্টগ্রামে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১০ হাজার হলুদ ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
শনিবার সকালে নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি শুভপুর বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্ট থেকে এসব ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে র্যাব-৭ এর একটি দল।
গ্রেপ্তাররা হলেন সাইফুল ইসলাম শাকিল (২৭) এবং মো. মহিউদ্দিন (২০)।
নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার চিটুয়া নোয়াপাড়া গ্রামের বাসিন্দা শাকিল আবাস নগরীর সদরঘাট থানার মগ পুকুরপাড় এলাকায়। আর নোয়াখালীর সুধারাম থানার চর আলেকজান্ডারের বাসিন্দা মহিউদ্দিন নগরীর মোগলটুলী কাটা বটগাছ এলাকায় থাকেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা মমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ইয়াবা বিক্রির অপেক্ষায় ছিলেন।
“তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১০ হাজার হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চট্টগ্রামের পটিয়া থানার নন্দের খিল গ্রামের মো. ফারুকের (৪৩) কাছ থেকে ইয়াবাগুলো কেনার জানিয়েছেন বলে মিমতানুর বলেন।
এই প্রথমবারের মত র্যাব-৭ হলুদ ইয়াবা উদ্ধার করল জানিয়ে তিনি বলেন, “রঙের কারণে ওষুধ হিসেবে দাবি করে মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতেই এই ইয়াবা মাদক ব্যবসায়ীরা আনছে। প্রতিটি গোলাপি ইয়াবার ওজন দশমিক ১০ গ্রাম। হলুদ ইয়াবার ওজন দশমিক ২০ গ্রাম।”
মিমতানুর জানান, পরীক্ষায় দেখা গেছে গোলাপি ইয়াবায় যে ধরনের মিথাইল অ্যমফিটামিন আছে হলুদ ইয়াবাতেও তা আছে।
“গোলাপি ইয়াবা মিয়ানমার থেকে আসে। হলুদ ইয়াবাগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে এসেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”
এর আগে গত ২৮ অগাস্ট রাতে নগরীর আকবর শাহ থানার মাইট্ট্যা গলি এলাকায় অভিযান চালিয়ে প্রথমবারের মত ৩০ হাজার হলুদ ইয়াবা উদ্ধার করে বিজিবি।
বিজিবি এবং র্যাবের হাতে হলুদ ইয়াবা উদ্ধারের কথা শুনেছেন জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ “মিথাইল অ্যামফিটামিন থাকলেই সেটাকে আমরা ইয়াবা বলি। রঙ পরিবর্তন করে হলুদ রঙের ইয়াবা তৈরি সম্ভব।”
শনিবার উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
