ভাঙা পথ ও কোরবানির হাটে ঈদযাত্রায় বিঘ্নের আশঙ্কা
ঈদ যাত্রায় ভাঙা রাস্তা ও কোরবানির হাটের কারণে যান চলাচল ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিক নেতারা।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং পশুর হাটের নিরাপত্তা নিয়ে এক মতবিনিময় সভায় এ শঙ্কার কথা জানান তারা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি আবু মুছা বলেন, “বন্যা, বৃষ্টি ও ভাঙা রাস্তা এ তিনটি সমস্যা মাথায় নিয়ে এবার ঈদ করতে হবে।”
বন্যা ও বৃষ্টির কারণে ভাঙা সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ছে জানিয়ে পরিবহন মালিক-শ্রমিকরা বলছেন, এরপর সড়কের পাশে কোরবানির হাট বসলে পরিস্থিতি আরও জটিল হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী ও কুমিল্লা এলাকায় ফ্লাইওভারের কাজ চলার পাশাপাশি দাউদকান্দি সেতুর কারণে যানজট হচ্ছে বলে জানান মুছা।
দক্ষিণ চট্টগ্রামের ১৯টি সড়কে ভাঙা রাস্তার কারণে গাড়ি চলাচল শ্লথ বলে জানান তিনি।
“মইজ্জ্যারটেকসহ বিভিন্ন এলাকার গরুর হাট ও শিকলবাহা-মইজ্জ্যারটেকের ফোর লাইনের কাজের কারণে গাড়ি চলাচল ব্যাহত হবে।”
রাস্তায় গাড়ির কাগজপত্র তল্লাশি, সীতাকুণ্ডের বড় দারোগার হাট ও দাউদকান্দিতে ওয়েট স্কেলে গাড়ির ওজন মাপার নামে পরিবহন চালকদের হয়রানি ও গাড়ি আটকে রাখার কারণেও যানজট হচ্ছে বলে অভিযোগ করা হয় সভায়।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম পূর্বঞ্চলীয় (চট্টগ্রাম-সিলেট) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন ১৮ হাজার পণ্যবাহী যান চলাচল করে। তার মধ্যে এক হাজারের বেশি গাড়ির ওজন নিরূপণ দুই স্কেলে সম্ভব নয়।
অতিরিক্ত ওজনের জন্য গাড়ি থেকে জরিমানা আদায়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মালামাল কমানোর জন্যও দুইটি ওয়েট স্কেলে কোনো শ্রমিক ও মালামাল রাখার ব্যবস্থা নেই।
পরিবহন নেতাদের অভিযোগ শুনে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, ঈদের আগে-পরে তিন দিন পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকার নির্দেশনা থাকায় ওই সময়ে ওয়েট স্কেলে কোনো কাজ হবে না।
ফেনীর মহিপাল ও কুমিল্লায় ফ্লাইওভার নির্মাণকারী কর্তৃপক্ষ সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে যানজট এড়াতে সচেষ্ট হবেন বলে জানান তিনি। শিকলবাহা-মইজ্জ্যারটেকে সড়ক ম্প্রসারণের কাজ বন্ধ রাখার কথাও তিনি জানান।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী গাড়িতে পুলিশ তল্লাশি করবে না।
টেকনাফ-মিয়ানমার থেকে আসা পশুবাহী কোনো গাড়িতে যদি মাদক থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে এএসপি অথবা ওসির উপস্থিতিতে তল্লাশি হবে বলে জানান তিনি।
যানবাহনের কাগজপত্র তল্লাশির সময় হয়রানি না করতে অধীনস্তদের প্রতি নির্দেশনা দেন পুলিশ সুপার।
তিনি বলেন, “কোনো স্থানে কেউ চাঁদাবাজি হতে দেখলে মোবাইলে ছবি তুলে আমার কাছে পাঠাবেন। আমি সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।”
নির্ধারিত সীমানার বাইরে কোরবানির হাট যাতে না বাড়ে, সেদিকে নজর রাখতেও পুলিশ কর্মকর্তাদের বলেন নূরে আলম মিনা।
