২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ড্রেজিং না করে বড় প্রকল্পে রক্ষা নেই: মহিউদ্দিন

কর্ণফুলী নদী নিয়মিত খনন না করে চট্টগ্রামকে ‘জলাবদ্ধতার অভিশাপ’ থেকে রক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন নগরীটির একাধিকবারের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2017, 11:29 PM

Updated : 11 Oct 2022, 02:25 PM

পুরনো খবর:

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প

কর্ণফুলী নদী ভরাট হয়ে এর খালগুলো দিয়ে নদীতে পানি নামতে না পারাই চট্টগ্রামের জলাবদ্ধতার অন্যতম কারণ বলে মনে করছেন তিনি।     

বুধবার নগরীতে শোক দিবসের এক সমাবেশে আওয়ালী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রধান পূর্বশর্ত হলো- কর্ণফুলী নদীতে ধারাবাহিক ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা।

“তা না হলে যত বড় প্রকল্পই গ্রহণ করা হোক না কেন, চট্টগ্রাম নগরী জলাবদ্ধতার অভিশাপ থেকে রক্ষা পাবে না। রৌদ্র-করোজ্জল দুপুরেও জোয়ারের পানিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ অবস্থা পাঁচ-সাত বছর আগেও ছিল না।”

‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ নামে পাঁচ হাজার ৬১৬ কোটি টাকার একটি প্রকল্প গত ৯ অগাস্ট একনেকে অনুমোদন পায়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে নেওয়া এ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার, গণপূর্ত ও পানি সম্পদ মন্ত্রণালয় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সমন্বয়ে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এই প্রকল্প অনুমোদনের পর নগরীর দখল হওয়া খাল উদ্ধারে সিটি করপোরেশনের শুরু করা উচ্ছেদ অভিযানে ভাটা পড়েছে।

ওই প্রকল্পের আওতায় খালের মাটি খনন, কাদা অপসারণ, নালা সংস্কার ও নির্মাণসহ বৈদ্যুতিক বাতি স্থাপনের মত কাজও সিডিএ বাস্তবায়ন করবে।

প্রকল্পটি অনুমোদনের পর থেকে সিডিএ ও সিটি করপোরেশনের মধ্যে টানপোড়ন শুরু হয়েছে। 

সিডিএ চেয়ারম্যান পদে কয়েকবার নিয়োগ পাওয়া আবদুচ ছালাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। আর সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন নগর কমিটির সাধারণ সম্পাদক।

প্রতিষ্ঠান দুটির মধ্যে নগরীর জলাবদ্ধতা নিরসন ও প্রকল্প বিষয়ে ‘শীতল সম্পর্ক’ বিরাজের একাধিক প্রতিবেদন স্থানীয় গণমাধ্যমে প্রকাশের মধ্যে এ নিয়ে মুখ খুললেন মহিউদ্দিন।

মোহরার ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, জলাবদ্ধতার প্রধান কারণ হলো- কর্ণফুলী নদী ভরাট হয়ে যাওয়া এবং এ কারণে খালগুলো দিয়ে পানি নদীতে নামতে না পারা।

“তাই নগরীর খালগুলো খনন করা হলেও এর সুফল আমরা পাব না। এজন্য কালুরঘাট থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত ৪টি ড্রেজার সংগ্রহ করে অবিরাম ড্রেজিং প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।”

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও উন্নয়নে প্রধানমন্ত্রীর ‘আন্তরিকতার অভাব নেই’ দাবি করে নগরীর উন্নয়নে নেওয়া বিভিন্ন ‘মেগাপ্রকল্প’ বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর ‘সমন্বিত উদ্যোগের’ উপর জোর দেন মহিউদ্দিন।

“যে কর্তৃপক্ষকেই প্রকল্প বরাদ্দ দেওয়া হোক না কেন, তা বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, বন্দর, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগ সবচেয়ে বেশি প্রয়োজন। সমন্বয়ের অভাবে প্রধানমন্ত্রীর বরাদ্দ জনগণের মঙ্গলে না আসলে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।”

মোহরাব ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

মোহরাব ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী আবু তাহের এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, আবদুস সাকুর ফারুকী, আবদুল মালেক, হাবিবুর রহমান, রফিক এলাহী ও শামসুল আলম সমাবেশে বক্তব্য দেন।