২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুইপক্ষে সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2017, 07:22 PM

Updated : 19 Aug 2022, 05:19 PM

আহতরা হলেন- চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র মোবাশ্বের এলাহী (২৪), ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের হেলাল উদ্দিন (২৩) ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুনুর রশিদ (২১)।

শনিবার বেলা সাড়ের ৪টার দিকে চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবনে কলেজ ছাত্রলীগের নেতা সবুজ ও দোলন গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানান চকবাজার থানার এসআই কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আহত তিনজনের মধ্যে মোবাশ্বেরের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তার মাথা ও কানে আঘাত লেগেছে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন জানান।

চট্টগ্রাম নগরীর অন্যতম শীর্ষ সরকারি কলেজ চট্টগ্রাম কলেজে প্রায়ই ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এবার সংঘর্ষে জড়ানো ছাত্রলীগ নেতা সবুজ ও দোলনের দুটি গ্রুপই চকবাজার এলাকার সাবেক ছাত্রলীগ নেতা নূর মোস্তফা টিনুর অনুসারী। আর টিনু প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত।