২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি ঢলে নিখোঁজের ১০ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ভান্ডালজুড়ি খালে পাহাড়ি ঢলে নিখোঁজের ১০ দিনের মাথায় মিলেছে এক ব্যবসায়ীর লাশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 02:18 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

নিহত মতিউর রহমান (৩২) আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের দক্ষিণ কড়লডেঙ্গার চম্পা তালুকদার পাড়ার ইউছুপ নবীর ছেলে।

মঙ্গলবার সকালে কাজে যাওয়ার সময় খালের জঙ্গল কড়লডেঙ্গা এলাকায় তার লাশ দেখতে পায় স্থানীয় বাগান শ্রমিকরা। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় পাহাড়ে নিহত মতিউরের কয়েকটি বাগান আছে। আড়াই বছর আগে বিয়ে করেছিলেন তিনি।  

মতিউরের চাচাত ভাই নুরুল ইসলাম রহিমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৩ জুলাই পাহাড়ের লেবু বাগানে চার শ্রমিককে কাজে নিয়ে গিয়েছিল মতিউর।

“সে সাঁতার জানত না। ওইদিন বেশি বৃষ্টি ছিল। ভান্ডালজুড়ি খালে ঢল নামে। শ্রমিকরা খাল পেরিয়ে চলে আসে। কথা ছিল, শ্রমিকরা খাওয়া শেষে একটি দড়ি নিয়ে গিয়ে মতিউরকে খাল পারাপার করাবে।”

নুরুল ইসলাম রহিমী বলেন, দড়ি নিয়ে শ্রমিকরা না ফেরায় মতিউর নিজেই খাল পেরিয়ে আসতে চেয়েছিল। খালে নামায় ঢলের পানিতে সে তলিয়ে যায়।

“আজ সকালে পাহাড়ে কাজে যাওয়ার সময় স্থানীয় শ্রমিকরা খালের মাটিতে একটি পা দেখতে পায়। তাদের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে এনেছি।”

খালের যে অংশে নিখোঁজ হয়েছিল এর কাছাকাছি স্থান থেকেই মতিউরের লাশ উদ্ধার করা হয় বলে জানান নুরুল ইসলাম ।

বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “লাশের খোঁজ পাওয়ার বিষয়ে জেনেছি। আমরা সেখানে যাচ্ছি।”