সিআইইউতে গবেষণা পদ্ধতি নিয়ে কর্মশালা
গবেষণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ সৃষ্টিতে ‘ওয়ার্কশফ অন রিসার্চ মেথডলজি’ শীর্ষক কর্মশালা সম্পন্ন করেছে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি-সিআইইউ।
বৃহস্পতিবার নগরীর জামালখানে অবস্থিত সিআইইউ ক্যাম্পাসে এ কর্মশালা হয়।
কর্মশালার প্রধান বক্তা সিআইইউ’র ব্যবসায় অনুষদের উপদেষ্টা গবেষক অধ্যাপক এম আইয়ুব ইসলাম বলেন, গবেষণার বিষয়বস্তু যে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির মত জটিল হতে হবে তা নয়, মৌলিক যে কোনো ব্যাপারই গবেষণার বিষয় হতে পারে।
“মৌলিক ছোটখাট যে কোনো বিষয় নিয়ে গবেষণা হতে পারে। তবে সেটা হতে হবে বৈজ্ঞানিক ও সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে।”
গবেষণা শুরুর আগে শিক্ষকদের পরামর্শ নেওয়ার উপরও গুরুত্বারোপ করেন এই অধ্যাপক।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিআইইউর ব্যবসায় অনুষদের সহযোগী অধ্যাপক এম নাইমউল্লাহ ও সহকারী অধ্যাপক নুসরাত জাহান।
