চট্টগ্রাম-দোহা পথে রিজেন্টের বিমান চলাচল শুরু
চট্টগ্রাম থেকে কাতারে সরাসরি ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে রোববার রাতে আর্ন্তজাতিক এ রুটে ফ্লাইট চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে সোমবার রিজেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, উদ্বোধনী ফ্লাইটের ক্যাপ্টেন উইডিয়ান ডুই পুত্রারান্ডু, ওসি (ইমিগ্রেশন) মালিক নাজমুল হায়দার, সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা ফিরোজ আহমেদ, রিজেন্টের এয়ারপোর্ট ইনচার্জ এস এম জিয়া, সহকারী ব্যবস্থাপক ফয়সাল আলম ও শিফট কন্ট্রোলার জেসি আকতার জেসি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৯ মে ঢাকা থেকে কাতারের রাজধানী দোহাতে সরাসরি ফ্লাইট চালু করে রিজেন্ট এয়ারওয়েজ। এই রুটে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি।
উদ্বোধনী ফ্লাইটে চট্টগ্রামের ৮৬ জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে রওনা হয় রিজেন্টের বোয়িং ৭৩৭-৮০০ বিমান। পরে সেটি স্থানীয় সময় রাত পৌনে ১টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। ঢাকার ৩৯ জনসহ ফ্লাইটটিতে মোট যাত্রী ছিলেন ১২৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- কাতার প্রবাসী প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশির মধ্যে ৪০ শতাংশই চট্টগ্রাম অঞ্চলের। বৃহত্তর এই জনগোষ্ঠীর যাতায়াতের সুবিধার্থে চ্ট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করা হয়েছে।
সপ্তাহের প্রতি বুধ ও রোববার চট্টগ্রাম-দোহা রুটে রিজেন্টের বিমান চলবে। তবে চাহিদা সাপেক্ষে আগামীতে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হবে বলে রিজেন্ট এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন।
সব ধরনের করসহ চট্টগ্রাম-দোহা পথে সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ৭৮৭ টাকা (ওয়ানওয়ে) এবং আসা-যাওয়া উভয় পথের জন্য খরচ হবে ৪০ হাজার ৪৬২ টাকা। প্রত্যেক যাত্রী দেশ থেকে যাওয়ার সময় ২০ কেজি এবং দোহা থেকে ফেরার সময় ৪৫ কেজি মালামাল বিনা ভাড়ায় বহন করতে পারবেন।
