২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা বাড়ার সঙ্গে চট্টগ্রামে কমছে সবজির দাম

রমজানের দিন গড়ানোর সঙ্গে সঙ্গে চট্টগ্রামে কমছে সবজির দাম। দাম কমায় সবজির সঙ্গী হয়েছে ব্রয়লার মুরগীও।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 02:56 PM

Updated : 11 Oct 2022, 02:08 PM

কাঁচাপণ্যের বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে এ শুক্রবার এ চিত্র পাওয়া গেছে।

রিয়াজউদ্দিন বাজারের সবজির খুচরা বিক্রেতা মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কেজি প্রতি কমেছে ১০ থেকে ২০ টাকা।

পটল গত সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হলেও শুক্রবার বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকার মধ্যে। টমেটোর দামও কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। গত সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হওয়া টমেটো এ সপ্তাহে পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

কাঁকরল গত সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হয়েছে জানিয়ে রাসেল বলেন, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

রিয়াজউদ্দিন বাজারে পাবনা থেকে আসা প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। নওগাঁ থেকে আসা ভালো মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

গত সপ্তাহে একই দামে এ দুই জাতের কাঁচামরিচ বিক্রি হয়েছিল।

স্থিতিশীল রয়েছে চিচিঙ্গা, বরবটি ও বেগুনের দাম। গত সপ্তাহের দামেই এ তিনটি সবজি বিক্রি হচ্ছে বাজারে।

চিচিঙ্গা ও বরবটি ৪০ টাকা ও বেগুন ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

আরও এক দফা দাম কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ১৩৫ টাকায়। গত সপ্তাহে সেটা বিক্রি হয়েছিল ১৪৫ টাকায়। এর আগের সপ্তাহে ছিল ১৫৫ টাকা।

রিয়াজউদ্দিন বাজারের মুরগি বিক্রেতা আহমেদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজানে প্রায় হোটেল বন্ধ থাকে। সে কারণে মুরগির চাহিদা কমে গেছে।

তবে রমজানের শেষের দিকে মুরগির দাম বেড়ে যেতে পারে বলে জানান আহমেদ।

বাজারের এ পরিস্থিতিতে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।

রিয়াজউদ্দিন বাজারে সপ্তাহের বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঁকরল, পটল ও টমেটো খুব সস্তায় পাওয়া যাচ্ছে।

“পত্রিকায় প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের খবর পড়ি। প্রশাসনের নজরদারির কারণে বাজারে এবার কারসাজির সুযোগ পাচ্ছে না ব্যবসায়ীরা।”

বরাবরের মত স্বস্তি বিরাজ করছে মাছের বাজারে।

লইট্টা মাছ পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, তেলাপিয়া মিলছে ১২০ টাকায়, মৃগেল ১৪০ টাকায় ও সমুদ্রের টাইগার চিংড়ি ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

গরুর মাংসের দরেও কোনো পরিবর্তন হয়নি। হাঁড়ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, হাঁড়সহ ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি গরুর মাংস।