দেশে গাড়ি ২৯ লাখ, মোটর বাইক ১৭ হাজার
বাংলাদেশে বর্তমানে ১৭ হাজার মোটর বাইকসহ ২৯ লাখ গাড়ি রয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান।
বৃহস্পতিবার চট্টগ্রামে এক সভায় এই তথ্য জানিয়ে তিনি বলেন, এরমধ্যে ২২ লাখ গাড়ির লাইসেন্স আছে।
“সব গাড়ি ও চালককে বিআরটিএর অধীনে লাইসেন্স ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”
বর্তমানে লাইসেন্স ও রেজিস্ট্রেশন নিতে কোনো হয়রানি ও ভোগান্তি নেই বলে দাবি করেন বিআরটিএ চেয়ারম্যান।
তিনি বলেন, চট্টগ্রামসহ যে কোনো বিআরটিএ অফিসে লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশন পেতে কোনো ধরনের হয়রানির শিকার হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যেসব গাড়ি চালকদের অক্ষরজ্ঞান নেই তাদের আলাদা ব্যবস্থাপনায় পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা হবে বলে জানান তিনি।
লাইসেন্স ও রেজিস্ট্রেশন পেতে অনিয়ম বা সমস্যা হলে সরাসরি তাকে ফোন দেওয়ার পরামর্শ দিয়ে নিজের ফোন নম্বরও দেন বিআরটিএ চেয়ারম্যান।
চট্টগ্রামের ষোলশহরে এলজিইডি ভবন মিলনায়তনে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মশিউর।
মহাসড়কে ৮০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি না চালাতে চালকদের নির্দেশনাও দেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেন, দেশে ৬০ লাখের মতো গাড়িচালক রয়েছেন। এরমধ্যে বৈধতা আছে ২২ লাখের।
“যারা ২০ থেকে ২৫ বছর গাড়ি চালাচ্ছেন তাদের শর্ত শিথিল করে অবিলম্বে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
