বাজেট: দান-দয়া নয়, সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দ চান প্রতিবন্ধীরা
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধীদের সক্ষমতা বাড়াতে শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করায় উদ্যোগ নেই বলে অভিযোগ এসেছে চট্টগ্রামের এক আলোচনা সভা থেকে।
সভার আলোচকরা বলছেন, নতুন বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ এক হাজার ৭০০ কোটি টাকার মধ্যে সাড়ে সাতশ কোটি টাকাই ব্যয় হবে ভাতা খাতে, যা তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে না।
মঙ্গরবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) সীতাকুণ্ড ফেডারেশন আয়োজিত ‘বাজেট পরবর্তী প্রতিক্রিয়া’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
ইপসার প্রোগ্রাম ম্যানেজরা ভাস্কর ভট্টাচার্য্য বলেন, “এবারের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সতেরশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু বরাদ্দের অর্থ গতানুগতিক ভাতা ও কিছু সুবিধার মধ্যেই সীমাবদ্ধ আছে।
“এর বড় একটা অংশ ব্যয় হবে ভাতায়। আট লাখ মানুষ ভাতা পাবে। আমরা দান-দয়ার বাজেট চাই না। সক্ষমতা বাড়াতে প্রতিবন্ধীদের শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও বাজেটে তার কোনো উল্লেথযোগ্য উদ্যোগ নেই।”
ভাস্কর ভট্টাচার্য্য বলেন, দেশে ২৫ হাজার ওয়েবসাইট আছে এবং সরকার দুইশ ই-সার্ভিস চালু করেছে। কিন্তু প্রতিবন্ধীরা সেগুলো ব্যবহার করতে পারে না।
“অন্যবারের তুলনায় বাজেট বেশি বরাদ্দ হলেও দেড় কোটি প্রতিবন্ধীর জন্য দৈনিক মাথা পিছু বরাদ্দ দুই টাকারও কম। এই অপ্রতুল বরাদ্দ দিয়ে প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাচল ও যোগাযোগ সহজীকরণ এবং অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা কিভাবে সম্ভব?”
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদালয় থেকে মাস্টার্স পাশ করে আবেদনের পর অনেক জায়গায় পরীক্ষাই দিতে পারিনি। প্রাইভেট সেক্টর আমাদের চাকরির সুযোগ দিচ্ছে না।
“যদি চাকরি না পাই তাহলে আমাদের লেখাপড়া কেন করাচ্ছেন? ৭০০ টাকা ভাতা দিয়ে আমি কী করব? কর্মসংস্থানের কোনো দিক নির্দেশনা বাজেটে নেই।”
আরেক দৃষ্টি প্রতিবন্ধী আহসান উল্লাহ সরকার বলেন, “আমাদের চলাচলের উপযোগী এক কিলোমিটার সড়ক দেশে নেই।
“যখন সরকারি কর্মকর্তার বেতন ৫০ হাজার টাকা, তখন দেশে ৭০০ টাকা ভাতায় কিভাবে জীবন নির্বাহ করা সম্ভব? প্রতিবন্ধীদের ব্যবহার্য সরঞ্জামও সহজলভ্য নয়।”
অনুষ্ঠানে ইপসার কর্মকর্তা সাদিয়া তাজিন ‘জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এতে সাদিয়া তাজিন বলেন, বাজেটে প্রতিবন্ধীদের বরাদ্দ শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দৃশ্যমান। কিন্তু প্রতিবন্ধীদের শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্য তথা সার্বিক উন্নয়ন শুধু একটি মন্ত্রণালয়ের মাধ্যমে কিভাবে সম্পাদিত হতে পারে তা বোধগম্য নয়।
“ভাতা ও কিছু সহায়তা খাতে সাড়ে ৭০০ কোটি টাকা ব্যয়ের পর বাকি টাকায় কিভাবে টেকসই উন্নয়ন সম্ভব?”
অনুষ্ঠানে সাংবাদিক এম নাসিরুল হক বলেন, ভাতা দেওয়া মানে একজনকে নির্ভরশীল করে রাখা। সক্ষম করতে প্রয়োজনীয় খাতে বরাদ্দ দরকার।
ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বলেন, “প্রতিবন্ধীদের জন্য যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, তা যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়।”
অনুষ্ঠানে বাজেটে পুনর্বিবেচনার জন্য ১০টি প্রস্তাব করা হয়।
এর মধ্যে আছে- প্রতিবন্ধীদের চাকরির কোটা (৫ শতাংশ) প্রয়োগ নিশ্চিত করা, প্রতিবন্ধী শিশুদের উপবৃত্তির সংখ্যা বাড়ানো, শিক্ষা-প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা ও বরাদ্দ, প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লে্ক্সের জন্য অর্থ বরাদ্দ রাখা, ডিজিটাল সেবার প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করা, গণ-পরিবহনে প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা রাখা ইত্যাদি।
