২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১১ ব্যবসায়ীকে জরিমানা

মূল্য তালিকা না টাঙ্গানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রিসহ কয়েকটি অপরাধে ১১ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 06:12 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

সোমবার নগরীর রিয়াজউদ্দিন বাজার ও ঝাউতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপমা দাশ ও আবদুস সামাদ শিকদার।

অনুপমা দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিয়াজউদ্দিন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করায় দুই দোকানকে মোট ১৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় তিন মুদি দোকানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকা না থাকায় এক সবজি ব্যবসায়ীকে ৫০০ টাকা ও চাল এবং ডালে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে মোট এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

অন্যদিকে নগরীর খুলশী থানার ঝাউতলা বাজারে মূল্য তালিকা না টাঙ্গানো, অতিরিক্ত দাম রাখায় চার ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে আরেকটি ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার।

পোশাকের দাম যাচাই করতে নগরীর অভিজাত মিমি সুপার মার্কেট ও সানমার ওশ্যান সিটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের আরেকটি দল।

অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা কাপড় ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি।

“এসব মার্কেটের ব্যবসায়ী নেতারা ২০ শতাংশ লাভ করবেন বলে অঙ্গিকার করেছেন। আমরা সেটা পর্যবেক্ষণ করব।”