চট্টগ্রামে বীমা কর্মকর্তার ১৭ বছরের কারাদণ্ড
গ্রাহকের টাকা আত্মসাতের আলাদা সাতটি মামলায় এক বীমা কর্মকর্তাকে মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন রোববার জীবন বীমা করপোরেশনের সাবেক ডেপুটি ম্যানেজার (সেলস) রফিক আহমেদকে এ দণ্ডাদেশ দেন।
এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০০ সাল থেকে বিভিন্ন সময়ে গ্রাহকের মোট ছয় লাখ ৬৭ হাজার টাকা জমা না দিয়ে আত্মসাত করেন এ বীমা কর্মকর্তা।
“সাতজন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের পৃথক সাতটি মামলা করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক রফিক আহমদেকে এ দণ্ডাদেশ দেন।”
মেজবাহ জানান, পাঁচটি মামলার প্রত্যেকটিতে তিন বছর করে ১৫ বছর এবং দুটি মামলার এক বছর করে দুই বছর মিলিয়ে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রফিক আহমদকে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
