২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও হকারদের সময় বেঁধে দেওয়া হল

ঢাকার পর চট্টগ্রাম নগরীতেও হকারদের ব্যবসার সময় বেঁধে দিয়েছে সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 12:06 AM

Updated : 25 Jul 2022, 08:59 PM

আগামী পহেলা জুলাই থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে।

বুধবার নগরভবনে নিবন্ধিত হকার্স সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, “হকার উচ্ছেদ করা হবে না, তবে একটি নিয়মের মধ্যে আসবে সবাই। সেটা হল- বিকাল ৫টা থেকে রাত ১১টা বা ১২টা পর্যন্ত নির্দিষ্ট স্থানে হকাররা বিকিকিনি করবে।”

কয়েক মাস আগে ঢাকার গুলিস্তান ও এর আশপাশের এলাকায় হকারদের বসার সময় নির্দিষ্ট করে দেওয়া হয়। এই নিয়ম বাস্তবায়নে ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন হকাররা।

ফুটপাতে জনসাধারণের চলাচলের সুযোগ রেখেই হকারদের বসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মেয়র।

তিনি বলেন, সিটি করপোরেশন টাইলস বসিয়ে ফুটপাতকে দৃষ্টিনন্দন করে দেবে। প্রত্যেক হকারকে একটি করে দৃষ্টিনন্দন ছাতা দেওয়া হবে। জায়গা পেলে হকারদের পুনর্বাসনে মার্কেটও করা হবে।

পরিচয়পত্রধারী হকাররা যাতে নির্দিষ্ট স্থানে বসে ব্যবসা করতে পারেন সেজন্য জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে বলেও জানান মেয়র।

“এ নিয়মের বাইরে কেউ ব্যবসা করতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদের মধ্যে সিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন, চট্টগ্রাম হকার্স লীগের সভাপতি নুর আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মো. মিরন হোসেন মিলন ও চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম মিয়া সভায় উপস্থিত ছিলেন।