২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরায় চট্টগ্রামে আড়াই হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত

চট্টগ্রাম জেলায় ঘূর্ণিঝড় মোরার প্রভাবে আড়াই হাজারের বেশি ঘরবাড়ি বিধস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আরও প্রায় আড়াই হাজার কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 03:47 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

মোরার আঘাতে উপকূলীয় উপজেলা বাঁশখালী, সন্দ্বীপ ও আনোয়ারায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘূর্ণিঝড়ে জেলার কোথাও প্রাণহানি বা আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার ভোরে উপকূলে আঘাত হানার পর স্থলভাগে এসে কমতে শুরু করে প্রবল ঘূর্ণিঝড় মোরার শক্তি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির চিত্রও স্পষ্ট হতে শুরু করে। কক্সবাজার, ভোলা ও রাঙামাটি এ তিন জেলায় অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

বুধবরা দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ে জেলার মোট দুই হাজার ৭৪৫টি ঘর সম্পূর্ণ বিধস্ত হয়েছে। এর বাইরে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ৫৯৬টি ঘর।

“ক্ষতির এই পরিমাণ প্রাথমিক প্রতিবেদন অনুসারে। পরে চূড়ান্ত প্রতিবেদন এলে তাতে আরও কিছুটা পরিবর্তন হতে পারে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বাঁশখালী উপজেলায়।

উপজেলার উপকূলীয় খানখানাবাদ, শেখেরখিল, ছনুয়া ও গণ্ডামারা ইউনিয়নে কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে তুলনামূলক বেশি।

বাঁশখালীর ইউএনও কাজী মো. চাহেল তস্তরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলায় প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

“সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে মোট আড়াই হাজার ঘরবাড়ি। এখন ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের কাজ চলছে।”

সাগর বক্ষের দ্বীপ সন্দ্বীপ উপজেলার ইউএনও গোলাম মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫০টি ঘর সম্পূর্ণ বিধস্ত হয়েছে। এছাড়া ছয়শ কাঁচা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

“সব মিলিয়ে উপজেলায় প্রায় তিন হাজার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত।”

এছাড়া আনোয়ারা উপজেলায় দুইশ ঘর বিধস্ত এবং আটশ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাশাপাশি জেলার প্রায় সবকটি উপজেলায় ঝড়ের প্রভাবে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে পতেঙ্গা সমুদ্র সৈকতে থাকা প্রায় একশ কাঁচা দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।