২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে নৌবাহিনীর ত্রাণ বিতরণ শুরু

ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চিকিৎসা ও ত্রাণ বিতরণ শুরু করেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ ও ‘সমুদ্র খাদেম’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 07:24 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

ঘূর্ণিঝড়ে আক্রান্ত কক্সবাজার জেলার সেন্টমার্টিন ও কুতুবদিয়ায় জরুরি ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সেবা দিতে ৪০০ নৌসেনা কাজ করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে এ ত্রাণ তৎপরতা ও জরুরি চিকিৎসা সেবা দিচ্ছে নৌবাহিনী।

এর আগে জরুরি খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ‘সমুদ্র অভিযান’ ও ‘সমুদ্র খাদেম’ দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দেয় বলে বিজ্ঞপ্তি উল্লেখ করেছে।

পাঁচ টন চাল, দুই টন ডাল, তিন টন মুড়ি, আট টন চিড়া, দুই টন গুড়, তিন হাজার মোমবাতি, ৩০০ কেজি পলিথিন ব্যাগ, ১০০ প্যাকেট দিয়াশালাই বক্স ও ২০ টন বিশুদ্ধ খাবার পানি নিয়ে জাহাজ দুটি দুর্গত এলাকায় পৌঁছেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়াও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় নৌবাহিনীর ২৩ সদস্যের দুটি মেডিকেল টিম কাজ করছে। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইনও দেওয়া হবে বলে আইএসপিআর জানিয়েছে।

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ ত্রাণ তৎপরতা ও চিকিৎসা সহায়তা চলবে।