এসএসসি: পুনঃনিরীক্ষণে চট্টগ্রামে আরও ৬৭ শিক্ষার্থীর জিপিএ-৫
প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ৬৭ জন শিক্ষার্থী।
মঙ্গলবার পুনঃনিরীক্ষার ফল প্রকাশের পর মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হয়েছে আট হাজার ৪১১ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবছর ৫৭ হাজার ৮১৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোট ২১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী আবেদন করেছে।
“তার মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ৬৮৭ জন শিক্ষার্থীর। যাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন।”
পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব আরও জানান, পুনঃনিরীক্ষণে গ্রেড পয়েন্ট পরিবর্তন হওয়াদের ৬১৪ জন কৃতকার্য ও ২১ জন অকৃতকার্য হয়েছে।
গত ৪ মে প্রকাশিত ফলাফলে অকৃতকার্য দেখা গেলেও পুনঃনিরীক্ষণে ৫২ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছেন বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
এদিকে ফেল দেখা গেলেও পুনঃনিরীক্ষণে ফেল করা এক পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন বলেও জানান মাহবুব।
