২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ২০০ কেজি গাঁজাসহ কভার্ড ভ্যান জব্দ, আটক ২

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ২০০ কেজি গাঁজাসহ একটি কভার্ড ভ্যান জব্দ করে দুই যুবককে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 06:07 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

আটক দুজন হলেন- মো. মুন্না (২০) ও মো. কফিল উদ্দিন (১৯)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার ওয়াবদা গেইট এলাকা থেকে কভার্ড ভ্যানটি আটক করা হয় বলে র‌্যাব- ৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, আগে থেকে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ওয়াবদা গেইট অংশে অবস্থান নিয়ে তল্লাশি করতে শুরু করে।   

এসময় ফেনী থেকে আসা একটি কভার্ড ভ্যান তল্লাশি করে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

আটক দুই যুবকের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।